সালাত: কাঠামো নয়, জীবন।
ইসলামকে যদি এক শব্দে চিহ্নিত করা হয়, তবে সেই শব্দটি নিঃসন্দেহে সালাত। সালাত ছাড়া ইসলাম কেবল পরিচয়—আনুগত্য নয়।
কিন্তু প্রশ্ন হলো—আমরা যে প্রচলিত কাঠামো গত নামাজকেই সালাত বলে জেনে এসেছি, আল্লাহ কি কুরআনে সালাত বলতে কেবল এটিকেই বুঝিয়েছেন?
কুরআন আমাদের এক ভয়ংকর সত্যের মুখোমুখি দাঁড় করায়— সালাত শুধু পরিত্যক্ত হয়নি, নষ্টও করা হয়েছে।
আর এই নষ্টকরণ এসেছে এমন এক উত্তরসূরি প্রজন্মের হাত ধরে, যাদের কুরআন নিজেই নাম দিয়েছে—খালাফ: অপদার্থ উত্তরসূরি।
فَخَلَفَ مِنۢ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُوا ٱلشَّهَوَٰتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا (১৯:৫৯)
অতঃপর তাদের পরে এমন অপদার্থ লোকেরা এলো—যারা সালাত নষ্ট করল, আর নিজে দেরকে সঁপে দিল প্রবৃত্তি ও লালসার হাতে।
ফল? অচিরেই তাদের জন্য রয়েছে গাইয়্যা—চরম পথভ্রষ্টতা ও ধ্বংস।
লক্ষ করুন— এখানে বলা হয়নি তারা সালাত ছেড়ে দিয়েছে, বরং বলা হয়েছে أَضَاعُوا ٱلصَّلَوٰةَ— অর্থাৎ, সালাতকে ভেতর থেকে অর্থহীন করে দিয়েছে। কিন্তু সালাত নষ্ট হওয়ার ইতিহাস এখানেই শুরু হয়নি।
কুরআন আমাদের আরও পেছনে নিয়ে যায়—কাবা প্রাঙ্গণে। وَمَا كَانَ صَلَاتُهُمْ عِندَ ٱلْبَيْتِ إِلَّا مُكَآءً وَتَصْدِيَةً (সূরা আনফাল, ৮:৩৫)
কাবা ঘরের কাছে তাদের তথাকথিত ‘সালাত’ ছিল— শিস দেওয়া আর করতালি।
আচার ছিল, কিন্তু আনুগত্য ছিল না। ভঙ্গি ছিল, কিন্তু আত্মসমর্পণ ছিল না।
এখান থেকেই একটি মৌলিক সত্য স্পষ্ট হয়— সালাত নামের ভুল ব্যবহার নতুন কিছু নয়। ইতিহাস জুড়েই মানুষ সালাতকে নিজেদের সুবিধামতো রূপ দিয়েছে।
তাহলে প্রশ্ন আসে—নবীদের সালাত কেমন ছিল? একবার ভাবুন— ইব্রাহীম, নূহ, মূসা, ঈসা, দাউদ, সোলায়মান (আলাইহিমুস সালাম)— তাঁরা কি আজকের এই কাঠামোগত রীতিতেই সালাত আদায় করতেন?
আর নবী মুহাম্মদ সাঃ— যদি ৫২ বছর বয়সে মি‘রাজে গিয়ে নির্দিষ্ট কাঠামোর সালাত পেয়ে থাকেন, তবে তার আগের ৫২ বছর তিনি কীভাবে সালাত আদায় করতেন?
কুরআন এক জায়গায়ও বলে না—নবীদের সালাত ভিন্ন ছিল, আর মুহাম্মদের সালাত ভিন্ন। বরং কুরআনের দাবী একটাই— সকল নবীর সালাত ছিল, এবং সেই সালাত ছিল অপরিবর্তনীয় মূলনীতি।
কুরআনে সালাতের স্তরসমূহঃ
কুরআন সালাতকে কখনোই শুধু ভঙ্গি হিসেবে উপস্থাপন করে না।
বরং এটি এক ত্রিস্তরীয় জীবনব্যবস্থা।
১️) সালাতুল দায়েমুন — প্রতিষ্ঠিত সার্বক্ষনিক সালাত।
الَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَائِمُونَ (সূরা ৭০:২৩)
এখানে বলা হয়নি মুসাল্লুন (নামাজ আদায় কারী), বলা হয়েছে দায়েমুন— যাদের উপর সালাত সার্বক্ষনিক প্রতিষ্ঠিত।
দায়েমুন মানে— সালাত সময়ের অধীন নয়, বরং সময় সালাতের অধীন। অলসতা, ভয়, ব্যস্ততা—কিছুই সালাতকে ভাঙতে পারে না।
২️) ইউহাফিযূন — সংরক্ষিত সালাত ইউহাফিযূন মানে— সালাতকে ক্ষয় হতে না দেওয়া, সীমা, শর্ত ও দায়বদ্ধতা রক্ষা করা।
৩️) খাশিউন — জীবিত সালাত الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (সূরা আল-মু’মিনূন, ২৩:২) খুশু মানে— অন্তরের উপস্থিতি, আল্লাহর সামনে নীরব আত্মসমর্পণ। কিন্তু কুরআনের বিন্যাস আমাদের শেখায়— খুশু হঠাৎ আসে না। * আগে ধারাবাহিকতা (দায়েমুন) * তারপর সংরক্ষণ (ইউহাফিযুন) * শেষে গভীরতা (খাশিউন) সূরা মু’মিনূন শুরু হয় খাশিউন দিয়ে, শেষ হয় ইউহাফিযুন দিয়ে— অর্থাৎ: অন্তর দিয়ে শুরু, দায়িত্ব দিয়ে শেষ, মাঝখানে পুরো জীবন। আর সূরা মা‘আরিজ আমাদের দেখায়— দায়েমুন সালাতকে জীবন বানায়, ইউহাফিযুন সালাতকে রক্ষা করে, খাশিউন সালাতকে জীবিত করে। শেষ কথা যে সালাত জীবনে স্থায়ী নয়—তা গভীর হয় না। যে সালাত রক্ষিত নয়—তা স্থায়ী থাকে না। আর যে সালাতে অন্তর নেই— তা কেবল একটি আনুষ্ঠানিকতা, সালাত নয়।
