আদমের আগে কে ছিলে তুমি? মানুষের পরিচয় জন্ম দিয়ে নয়—
আল্লাহর ঘোষণায় শুরু হয় ﴿وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً﴾
“আর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, ‘আমি পৃথিবীতে একজন খলিফা স্থাপন করতে যাচ্ছি।’” (সুরা আল-বাকারা ২:৩০)
যেদিন তুমি জন্ম নিলে, সেদিন তোমার জীবন শুরু হলো। কিন্তু কুরআন বলছে— তোমার পরিচয় তারও আগে ঘোষণা করা হয়েছিল। পৃথিবীতে তোমার আগমনের আগে, মানুষের ইতিহাসের আগে, একটি ঘোষণা হয়েছিল আসমানের সভায়।
সেখানে কোনো মানুষ ছিল না। কোনো রাজ্য ছিল না। কোনো ভাষা ছিল না। কোনো সভ্যতা ছিল না। ছিল শুধু একটি ঘোষণা— “আমি পৃথিবীতে একজন খলিফা স্থাপন করতে যাচ্ছি।”
আদম তখনও কথা বলেননি। আদম তখনও পৃথিবীতে আসেননি। তবুও আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। কুরআনের প্রথম বিস্ময় এখানেই— মানুষকে প্রথমে সৃষ্টি দিয়ে নয়, উদ্দেশ্য দিয়ে পরিচয় করানো হয়েছে।
তাই চিন্তাশীলদের প্রশ্ন জাগে আমি কে? আমার পরিচয় কি আমার নাম? আমার পরিবার? আমার জাতি? আমার পেশা?
নাকি আমার পরিচয় তারও গভীরে— যেখানে আল্লাহ নিজেই মানুষের পরিচয় ঘোষণা করেছেন?
আয়াতে আল্লাহ বলেননি—“আমি সৃষ্টি করব।” তিনি বলেছেন— “আমি স্থাপন করতে যাচ্ছি।”
এখানে جاعل শব্দটি শুধু অস্তিত্বের কথা বলে না; এটি একটি নির্ধারিত ভূমিকা ও উদ্দেশ্যের ইঙ্গিত বহন করে।
কুরআনের ভাষায় মানুষ পৃথিবীতে হঠাৎএসে পড়া কোনো সত্তা নয়। মানুষের উপস্থিতি উদ্দেশ্যহীন নয়। তার আগমন একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ। এই উপলব্ধি মানুষকে নিজের জীবনের দিকে নতুন চোখে তাকাতে শেখায়।
খলিফা—পরিচয়ের আগে দায়িত্ব লক্ষ করো— আল্লাহ বলেননি, “আমি একজন মানুষ সৃষ্টি করব।” তিনি বলেছেন— “খলিফা।” অর্থাৎ কুরআনে মানুষের প্রথম পরিচয় তার দেহ নয়, তার দায়িত্ব। পৃথিবী মানুষের মালিকানা নয়। এটি এমন এক ক্ষেত্র, যেখানে মানুষকে পরীক্ষা করা হবে। এই ভাবনাকে কুরআনের অন্য আয়াতও সমর্থন করে— আল্লাহ মানুষকে পৃথিবীতে উত্তরাধিকারী করেন এবং দেখেন, সে কীভাবে কাজ করে (আল-আন‘আম ৬:১৬৫)।
ফেরেশতারা বললেন— “আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন, যে সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে?”
প্রশ্নটি কুরআনের আলোচনার অংশ। তার জবাবে আল্লাহ বললেন— ﴿إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ﴾ “আমি জানি, যা তোমরা জানো না।”
কুরআন এখানে মানুষের একটি গভীর সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে। মানুষের মধ্যে ক্ষতির সম্ভাবনা আছে। আবার এমন সম্ভাবনাও আছে, যা তখনও প্রকাশ পায়নি।
এই কারণেই মানুষকে একটি পরীক্ষার জীবন দেওয়া হয়েছে।
মানুষের প্রথম মর্যাদা—জ্ঞান এরপর কুরআন বলে— ﴿وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا﴾ “তিনি আদমকে সব নাম শিক্ষা দিলেন।” (আল-বাকারা ২:৩১)
আদমকে প্রথমে সম্পদ দেওয়ার কথা বলা হয়নি। রাজত্ব দেওয়ার কথাও নয়। প্রথমে এসেছে শিক্ষা। কুরআন এখানে মানুষের জ্ঞানগত মর্যাদাকে সামনে আনে।
এই কারণেই কুরআন বারবার মানুষকে চিন্তা, অনুধাবন ও গভীরভাবে গবেষণার আহ্বান জানায় (৪৭:২৪, ৩৮:২৯, ২২:৪৬)।
জ্ঞান কেবল তথ্য সংগ্রহ নয়।জ্ঞান মানুষকে সত্যের সামনে দায়িত্বশীল করে।
কুরআনের নীরব বিস্ময় আদমের গল্প শুরু হওয়ার আগেই, কুরআন মানুষের উদ্দেশ্য জানিয়ে দেয়। এ যেন কুরআনের ভাষায় একটি নীরব শিক্ষ তুমি কী দিয়ে তৈরি, তার আগে গুরুত্বপূর্ণ হলো—তুমি কেন এখানে।
আয়নার সামনে দাঁড়াও যদি তোমার নাম বদলে যায়— তুমি কে? যদি তোমার পদ চলে যায়— তুমি কে? যদি পৃথিবী তোমার সব পরিচয় কেড়ে নেয তুমি কে?
কুরআনের উত্তর— তুমি সেই মানুষ, যার আগমনের ঘোষণা স্বয়ং মহাবিশ্বের বাদশাহ আল্লাহ দিয়েছেন। তুমি সেই মানুষ, যাকে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে স্থাপন করা হয়েছে। তুমি সেই মানুষ, যার হাতে একটি আমানত অর্পণ করা হয়েছে।
এখন প্রশ্ন— তুমি কি সেই পরিচয়ের প্রতি বিশ্বস্ত? সেই পরিচয় নিয়ে গর্বিত?
মানুষের গল্প জন্ম দিয়ে শুরু হয় না। শুরু হয় আল্লাহর ঘোষণায়। মানুষের প্রথম পরিচয় শরীর নয়— দায়িত্ব। মানুষের প্রথম শক্তি ক্ষমতা নয়— জ্ঞান। আর মানুষ নিজের প্রকৃত পরিচয় ফিরে পায় তখনই, যখন সে বুঝতে শেখে— সে পৃথিবীর মালিক নয়, বরং একটি মহৎ ঐশ্বরিক পরিকল্পনার অংশ এক আধ্যাত্মিক আমানতের বাহক।
পরবর্তী অধ্যায়ের দরজা আল্লাহ মানুষকে খলিফা বললেন। তারপর তাকে জ্ঞান দিলেন। কিন্তু এখনও একটি প্রশ্নের উত্তর বাকি— মাটির তৈরি মানুষকে এমন কী দেওয়া হলো, যার কারণে সে শুধু একটি জীব নয়, বরং নৈতিক দায়িত্ব বহনকারী মানুষ হয়ে উঠল?
সেই প্রশ্নের উত্তর খুঁজব পর্ব–২: “মাটির দেহ, কিন্তু আকাশের আমানত”-এ
﴿وَلِلَّهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ﴾ “আকাশসমূহ ও পৃথিবীতে যারা আছে, তারা আল্লাহর জন্য সিজদা করে।” —সূরা আর-রা‘দ ১৩:১৫
অতএব سجود-এর কুরআনিক ধারণাকে শুধু একটি শারীরিক ভঙ্গির মধ্যে সীমাবদ্ধ করা যায় না। প্রসঙ্গ অনুযায়ী এটি আল্লাহর সামনে নত হওয়া ও আনুগত্যের ধারণাও বহন করে।
আদমের পথ ভুল → উপলব্ধি → ফিরে আসা ইবলিসের পথ ভুল → যুক্তি দিয়ে আত্মপক্ষসমর্থন → অহংকার → অবাধ্যতা
যে মুহূর্তে “আমি” আল্লাহর নির্দেশের চেয়ে বড় হয়ে যায়, সেখান থেকেই অহংকারের পথ শুরু হয়।
